ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। এর ফলে আসন্ন ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকল না।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন।

এর আগে, হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন এবং আগামী ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।

উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) সকালে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।

রিটে বলা হয়, ফরহাদ ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলে প্রার্থী হলেন—এ নিয়ে প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।