সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মামলায় মহিউদ্দিনের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পাঁচ দিন পর জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।

আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকার মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত মহিউদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২৮ অক্টোবর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।