হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা এক মালয়েশিয়ান নাগরিকের শরীর থেকে বিশেষ কৌশলে লুকানো সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা ২৪ ক্যারেটের এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩)। বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস কর্মকর্তারা তাকে নজরদারিতে রাখেন।
গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীর দেহ তল্লাশি করে শার্টের নিচে বেল্ট দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। তার কাছ থেকে ১ কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা সোনার পরিমাণ সাড়ে চার কেজি।
কাস্টমস আইন লঙ্ঘন করে কোনো ঘোষণা বা বৈধ কাগজপত্র ছাড়াই সোনা বহনের অভিযোগে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় সোনাগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।