রংপুরের মিঠাপুকুরে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শিশুটির মামা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মিজানুর রহমান লতিবপুর ইউনিয়নের লতিবপুর হাজীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আট বছরের শিশুটি লতিবপুর হাজীপাড়া গ্রামে তার মামার বাড়িতে থাকত। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশের রাস্তায় বের হলে মিজানুর তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখান। পরে নির্জনতার সুযোগ নিয়ে শিশুটিকে পাশের একটি সেচ পাম্পের টিনের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।

শিশুটির মামা অভিযোগ করেন, চকলেটের লোভ দেখিয়ে তাঁর ভাগ্নিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি ফাঁদে ফেলেন। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো বিচার না পাওয়ায় তাঁরা আইনের আশ্রয় নিয়েছেন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁর আরও দাবি, মিজানুরের বিরুদ্ধে এলাকায় এর আগেও একই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।