যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। এরপর ছবিটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তবে এ দাবি নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শনিবার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন। রিসেপশনের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানোর পর তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রকাশিত ছবিটিকে মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে। ওই এআই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এবং ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে।

প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করে ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ছবিটি যাচাই করে সেটিকে এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়েছে।

প্রেস উইংয়ের দাবি, যে ছবিটিকে ওই প্রতিবেদনে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড বলা হয়েছে, সেটিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।