ভারীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখনও ইতিবাচক রয়েছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই সফরটি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। প্রায় এক ঘণ্টার বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত পর্যায়েও ভালো সম্পর্ক রয়েছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। বৈঠকটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে যথাযথ সময় দিতে হবে। প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ এখনও বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন উপযুক্ত সময় মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।