স্বামীর কথামতো ভোট না দেওয়ায় মৌখিক তালাক, পরে দুঃখ প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে ভোটের পরদিন এ ঘটনা ঘটে। তবে বিষয়টি সামনে আসে রোববার, যখন এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্বামী তাকে তালাক দিয়েছেন এবং তিনি এর বিচার চান, যাতে স্বাধীনভাবে চলতে পারেন। একই ভিডিওতে স্বামীকে বলতে শোনা যায়, তিনি ধানের শীষের সমর্থক। ভোটের দিন সকালে অন্যদের আনন্দ করতে দেখে রাগের মাথায় তিনি তালাকের কথা বলে ফেলেন এবং পরে নিজের ভুল স্বীকার করেন।

ঘটনার পর ওই নারী এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন স্বামী। এলাকাবাসীর দাবি, তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী। স্বামীও বলেছেন, রাগের মাথায় ভুল করেছেন এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন।