
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই বিপ্লব আমাদের মুক্তির সনদ, আর ওসমান হাদী সেই আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনানি। তার ওপর নৃশংস হামলার ঘটনা দেশপ্রেমী জনগণ কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। তিনি বলেন, “আমরা রক্ত দেবো, কিন্তু জুলাই দেবো না।”
রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা।
সাইফুল আলম খান মিলন বলেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে এবং কুচক্রীরা পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের নেতাকর্মীদের টার্গেট করছে। তিনি অভিযোগ করেন, হামলার আগেই ওসমান হাদি ভারতীয় নম্বর থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ঘটনার পরও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে একটি ‘হিট লিস্ট’ তৈরি করে দেশে অস্থিরতা ও রক্তপাত সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব সন্ত্রাসীর হাতে অবৈধ অস্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলেও সতর্ক করেন জামায়াত নেতা।
সমাবেশ শেষে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেটে গিয়ে পথসভায় মাধ্যমে শেষ হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।