
নারায়ণগঞ্জে এক মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশি মুসলিমরা মওদুদী মতবাদের অনুসারী নয়, বরং মদিনার ইসলামের অনুসারী। তিনি বলেন, “আমরা সেই ইসলাম মেনে চলি, যে ইসলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা প্রতিষ্ঠা করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে বিকৃতি করা কখনো গ্রহণযোগ্য নয়।”
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের আয়োজনে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন অভিযোগ করেন, দেশে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “ইসলামকে রাজনীতির অস্ত্র বানিয়ে কেউ যেন অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে ইসলাম সবার আগে, রাজনীতি তার পরে। রাজনীতি হবে ইসলামী মূল্যবোধের আলোকে ও মানুষের কল্যাণে।” আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, “আওয়ামী লীগ ইসলামবিরোধী, আলেমবিরোধী ও মুসলিমবিদ্বেষী রাজনীতি করছে, যা জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। আমাদের উচিত ন্যায়ের পথে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের জনকল্যাণমূলক রাজনীতি করা।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসেন কাসেমী। উপস্থিত ছিলেন পাকিস্তানি আলেম মাওলানা সাঈদ আল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, শহর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন আলেম ও স্থানীয় সুধীজন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।