ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণায় জানানো হয়েছে, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের উপস্থিতিতে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। পাশাপাশি ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়া সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এছাড়া আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন এবং পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন ভোটার রয়েছেন।

এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে, ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।