জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সফরসঙ্গী সাংবাদিক ও মিডিয়া টিমের সদস্যদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, সাংবাদিকদের ভিসা না দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘সত্য গোপন করার’ চেষ্টা করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ইসমাইল বাঘেই।
তিনি বলেন, ওয়াশিংটন দেশের ভেতরে যেসব সাংবাদিককে অপছন্দ করে, তাদের জন্য যেমন দরজা বন্ধ করে দিয়েছে, তেমনি বিদেশি সাংবাদিকদেরও বাধা দিচ্ছে—বিশেষ করে যাদের কণ্ঠ তারা নীরব করতে চায়। এ তালিকায় ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ ও মিডিয়া টিমের সদস্যরাও রয়েছেন বলে দাবি করেন তিনি।
বাঘেই আরও বলেন, কোনো প্রশাসন যখন নিজেদের দেশের সাংবাদিকদের পাশাপাশি বিদেশি সাংবাদিকদেরও প্রবেশে বাধা দেয়, তখন বিষয়টি শুধু প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার দাবি, এর মাধ্যমে সত্য গোপন করা, তথ্য পাওয়ার অধিকার খর্ব করা এবং বিভ্রান্তিকর প্রচারণা এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ইরানের এই মুখপাত্র আরও বলেন, যে দেশ একসময় লৌহপর্দা ভেঙে ফেলার জন্য গর্ব করত, সেই দেশই এখন নিজেদের তৈরি একটি লৌহপর্দার আড়ালে অবস্থান করছে।
এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে পেজেশকিয়ানের যোগাযোগ ও মিডিয়া টিমের সদস্যরাও রয়েছেন।
ইরানের দাবি, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত নজিরবিহীনভাবে বৈরী একটি পদক্ষেপ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।