জাতিসংঘে দেওয়া ভাষণে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআইকে ভিন্ন নামে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে উল্লেখ করেন।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আর্টিফিশিয়াল’ শব্দটি এআইকে নকল বা কৃত্রিম কিছু হিসেবে বোঝায়। তবে তার মতে, এটি নকল নয়, বরং অসাধারণ একটি প্রযুক্তি। একই সঙ্গে এআই ব্যবহারে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এরপর ট্রাম্প বলেন, “সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।”

এর আগে একাধিকবার এআই উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন ট্রাম্প। গত সপ্তাহেও তিনি মন্তব্য করেন, “এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে, সে-ই জিতবে।”

এদিকে এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। এ বিষয়ে জাতিসংঘে উপস্থিত অনেকের অবস্থানের সঙ্গে তার মতপার্থক্য রয়েছে।