শিশুদের অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালুর উদ্যোগ নিয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণের পাশাপাশি সে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিচ্ছে বা কোন গ্রুপ থেকে বের হচ্ছে, সে সম্পর্কেও জানতে পারবেন।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপ বাড়ার মধ্যেই মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি নতুন এই উদ্যোগ নিয়েছে।
নতুন ফিচারের আওতায় সন্তানের প্রোফাইল ছবি কে দেখতে পারবে, কে তাকে গ্রুপে যুক্ত করতে পারবে এবং হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা ব্যবহারে কী ধরনের সীমাবদ্ধতা থাকবে, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। পাশাপাশি মেটা এআই ব্যবহারের ক্ষেত্রে ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত ডিফল্ট সেটিং কিংবা আরও কঠোর ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নেওয়ার সুযোগ থাকবে।
তবে অভিভাবকরা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে বা ফোনকল শুনতে পারবেন না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যক্তিগত বার্তা ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচারটি বাধ্যতামূলক নয়। অভিভাবকরা চাইলে যেকোনো সময় এসব নিয়ন্ত্রণ পরিবর্তন বা বন্ধ করতে পারবেন। সেটিংস পরিচালনার জন্য অভিভাবক-নির্ধারিত পিন ব্যবহার করা যাবে। কিশোররা নিজেরা এসব নিয়ন্ত্রণ বন্ধ করতে চাইলে ওই পিনের প্রয়োজন হবে।
তবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা ফিচারটির সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেছেন। তাঁর মতে, প্যারেন্টাল কন্ট্রোল বাধ্যতামূলক না হওয়ায় এর কার্যকারিতা নির্ভর করবে কতসংখ্যক পরিবার এটি ব্যবহার করছে তার ওপর।
নাভারা বলেন, এ ধরনের ব্যবস্থা চালুর মাধ্যমে মেটা শিশুদের নিরাপত্তায় নেওয়া উদ্যোগগুলো নিয়ন্ত্রক সংস্থাগুলোর সামনে তুলে ধরতে পারছে। একই সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক ও কিশোরদের ওপর কিছু দায়িত্বও দেওয়া হচ্ছে।
হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপরিচিত ব্যক্তি ব্যবহারকারীদের কাছে নানা ধরনের কনটেন্ট পৌঁছে দিতে পারেন। নতুন প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থায় এই সুবিধার ব্যবহারেও অভিভাবকরা প্রয়োজন অনুযায়ী সীমাবদ্ধতা নির্ধারণ করতে পারবেন।
সন্তানকে নিয়ন্ত্রণে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার
Desk News· 03 অক্টোবর 2026, 5:36 PM
·2 মিনিট পড়া
·72 বার পঠিত
বিজ্ঞাপন (728×90)
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।