
জুলাই আন্দোলনের সময় অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করেছিলো ফ্যাসিস্ট সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব জানান, সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরার কোনো বাধা নেই। তিনি ইচ্ছা করলে দেশে ফিরতে পারবেন। তবে দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয়ও বলেই উল্লেখ করেন।
‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এটি উল্লেখ করছে, তারা স্বৈরাচারের দোসরের মতো কথা বলছে। সরকার কখনও এমন কোনো দাবি করেনি। তিনি আরও বলেন, যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য কারণে মাইনাস হয়েছেন।
খালেদা জিয়াকে জাতীয় নেতা আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, তিনি আপামর জনগণের নেতা এবং শুধু বিএনপির নেতা নন। তার সুস্থতা কামনা করি এবং তিনি দেশে ফিরে আসুক। বাংলাদেশের জন্য তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি নাগাদ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারও দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায় বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।