
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্বের এ দলটি ইতোমধ্যে পুরোপুরি নির্বাচনী মাঠে নেমেছে। ঢাকার একাধিক আসনে দলটির প্রার্থীরা সক্রিয় প্রচারণা চালাচ্ছেন এবং বহু নেতা নিজ নিজ এলাকায় আড়ালে-আবডালে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।
সূত্রমতে, এনসিপি দেশজুড়ে অন্তত ১৭০টি আসনে সম্ভাব্য প্রার্থীর খসড়া তালিকা তৈরি করেছে এবং সেই অনুযায়ী মাঠপর্যায়ে কাজ করছে।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে—এনসিপিকে নিজেদের জোটে টানতে চায় বিএনপি। একইভাবে জামায়াতে ইসলামীও দলটিকে সঙ্গে নিতে আগ্রহী। এ দুই দলের বিশেষ প্রতিনিধি ইতোমধ্যে চুপিসারে এনসিপির সঙ্গে যোগাযোগ বজায় রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল বলেই দলীয় সূত্রের দাবি। কেন্দ্র থেকে গ্রাসরুট পর্যন্ত এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সে অনুযায়ী দলের শীর্ষ নেতারা নির্দিষ্ট আসন ধরে মাঠে কাজ করছেন।
দলটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে আহ্বায়ক ও একদফার আন্দোলনের ঘোষক নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, সামান্থা শারমিনসহ আরও অনেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এ ছাড়া সদস্য সচিব আখতার হোসেন (রংপুর), সারজিস আলম (পঞ্চগড়), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা) নিজ নিজ এলাকায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। উপদেষ্টা পরিষদের দুই সাবেক ছাত্রনেতা এনসিপিতে যোগ দিলে তাদের জন্যও পদ এবং মনোনয়নের প্রস্তুতি রয়েছে।
সম্ভাব্য আসন অনুযায়ী প্রস্তুতি:
- নাহিদ ইসলাম: ঢাকা-৯ বা ঢাকা-১১ (সবুজবাগ-মতিঝিল-ডেমরা)
- আরিফুল ইসলাম আদিব: মিরপুর
- ডা. তাসনিম জারা: ঢাকা-৩ (কেরানীগঞ্জ)
- আকরাম হোসেন ও রাসেল আহম্মেদ: মোহাম্মদপুর
- আরিফ ও সোহেল: ঢাকা-৭
- এসএম শাহরিয়ার ও নিজাম উদ্দিন: ঢাকা-৪ ও ৫
- আলাউদ্দিন মোহাম্মদ: ঢাকা-১৭
- নাসীরুদ্দীন পাটওয়ারী: উত্তরা
- ফয়সাল মাহমুদ শান্ত: ঢাকা-১৯
- আসাদুল ইসলাম মুকুল: ঢাকা-২০
- খান মো. মোরসালিন: ঢাকা-৬
সিনিয়র নেত্রী সামান্থা শারমিন এবং নাহিদা সারোয়ার নিভাও রাজধানী ও আশপাশের এলাকায় প্রস্তুতি নিচ্ছেন।
এনসিপির শীর্ষ নেতাদের ভাষ্য, জনগণই হবে তাদের শক্তি, আর তরুণরাই হবে এ নির্বাচনে তাদের মূল ভরসা।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।