
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দলীয় প্রতীক ‘শাপলা’ না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে। তিনি বলেন, “আইনি কোনো বাধা না থাকলেও গায়ের জোরে কমিশন এমন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অন্যান্য নেতারা।
সারজিস আলম বলেন, সাংগঠনিক নেতৃত্ব নির্বাচন ও সাক্ষাৎকারের অংশ হিসেবে তাঁরা রাজশাহীতে এসেছেন। তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশে এনসিপিকে একটি শক্ত রাজনৈতিক অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ বিরোধী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি বা জামায়াত এককভাবে টিকতে পারবে না।”
তিনি যোগ করেন, “সংসদে স্থিতিশীলতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। দ্রুতই তৃণমূলে সব আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”
জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই সনদ এখনো কেবল আনুষ্ঠানিকতা মাত্র। বাস্তবায়নের নিশ্চয়তা না থাকায় আমরা স্বাক্ষর করিনি। এটি যেন ১৯৯০ সালের মতো এক প্রতারণার পুনরাবৃত্তি না হয়, সেদিকে আমরা সতর্ক।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে। রাষ্ট্রপতি নয়, ড. ইউনূসের নেতৃত্বেই এটি স্বাক্ষরিত হতে হবে, নইলে সংবিধানিক সংঘাত তৈরি হবে।”
এনসিপি আহ্বায়ক জানান, দলটি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। “সংস্কারের বিপক্ষে বা গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকা শক্তির সঙ্গে জোট করা হবে না,” বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগ নতুন নয়। কমিশন যেন নির্বাচনে আমাদের অংশগ্রহণ ঠেকাতে চায়। প্রয়োজনে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, এখনও নানা উপায়ে ফ্যাসিবাদ কায়েম রেখেছে। “আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে,” দাবি করেন তিনি।
তার মতে, জাতীয় পার্টি ও অনুরূপ দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার দ্বিচারিতা করছে। “গণহত্যা মামলা, বিচার ও ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব,” বলেন নাহিদ ইসলাম।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।