
জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, দেশে দেখা যায়—নেতারা যত বড় হন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগও তত বড় হয়। অথচ নেতৃত্বের প্রধান গুণ হওয়া উচিত আমানতদারিত্ব ও সততা, কিন্তু আমাদের সমাজে সেই মূল্যবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আজহারী বলেন, “নেতা বলতে মানুষকে সঠিক পথে পরিচালনা ও অনুপ্রাণিত করার ক্ষমতাকে বোঝায়। আমাদের সমাজ ও রাষ্ট্রের সংকটের মূল কারণ অদক্ষ নেতৃত্ব। যদি যোগ্য নেতৃত্ব তৈরি হতো, অনেক সমস্যাই তৈরি হতো না।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের একটি বিশেষ সময় এসেছে। এই সুযোগ আগামী ৫৪ বছরেও নাও আসতে পারে। তাই আমাদের উচিত রাসূল (সা.)–এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। নেতৃত্বে সততা ও আমানতদারিত্ব অপরিহার্য।”
রাসূল (সা.)–এর উদাহরণ টেনে আজহারী বলেন, নবুয়ত প্রাপ্তির আগেই নবীজি (সা.) ব্যবসায়িক সততা ও বিশ্বস্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছিলেন। খাদিজা (রা.)–র সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বও এর উজ্জ্বল প্রমাণ। “আমাদের নেতাদেরও সেই সততা অর্জন করতে হবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী এবং সহসভাপতি মোহাম্মদ পারভেজ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।