শেখ হাসিনার হাত থেকে দেশ মুক্ত হলেও কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কিছু তরুণ অল্প সময়েই প্রভাবশালী হয়ে লম্বা-চওড়া কথা বলছে। তিনি বলেন, “ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আমি বলি, আগে আল্লাহর নাম নাও, তাঁর প্রশংসা করো।”

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনে এমন কিছু কর্মকাণ্ডের চেষ্টা চলছে, যা হলে সারাদেশে ভোটগ্রহণই বাধাগ্রস্ত হতে পারে। তবে বিএনপি এখনো ধৈর্য ধারণ করছে এবং সহনশীলতার পরিচয় দিচ্ছে। “আমাদের ধৈর্যের বাঁধ একসময় ভাঙতে পারে, কিন্তু বিএনপি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই চায়,”—যোগ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই অর্জন কেউ দান করেনি। কেউ কেউ ৫ আগস্টকে সব কিছুর কৃতিত্ব দিতে চাইলেও গত ১৭ বছরে বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর যেভাবে ভালো থাকার কথা ছিল, বাস্তবে তা হয়নি। ব্যক্তিগতভাবে কোনো স্বার্থসংশ্লিষ্ট সুবিধাও তিনি গ্রহণ করেননি বলে উল্লেখ করেন।

নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটের পর ১২ ঘণ্টার বেশি সময় ফল প্রকাশে দেরি হলে বিএনপি তা কোনোভাবেই গ্রহণ করবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট যেন কেন্দ্র না ছাড়ে—এ নির্দেশনাও দেন তিনি।