
জাতীয় সংসদ নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সব রাজনৈতিক দলই প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন। তারা সন্দিহান, নির্বাচনের সময় প্রশাসন এবং পুলিশের ভূমিকা সত্যিই কতটা নিরপেক্ষ হবে। সম্প্রতি বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন যে প্রশাসনের সব রদবদল তার নিয়ন্ত্রণে থাকবে। তবুও রাজনৈতিক নেতারা স্বস্তি বোধ করছেন না।
এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “প্রশাসন ও পুলিশের চরিত্র কতটা পরিবর্তিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্ষমতার সঙ্গে যারা থাকে, প্রশাসন ও পুলিশ তাদের পক্ষে কাজ করার প্রবণতা দেখাচ্ছে।” তিনি এই মন্তব্য করেছেন প্রশাসন ও পুলিশের সঙ্গে তার ব্যক্তিগত আলোচনার অভিজ্ঞতার ভিত্তিতে।
শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা: নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরও জানান, প্রশাসনের ওপর পুরো আস্থা না থাকার কারণে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো সম্ভাব্য ঘটনা নিয়েও রাজনৈতিক নেতারা দুশ্চিন্তায় রয়েছেন।
হাসনাত আরও উদ্বেগ প্রকাশ করেন নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব নিয়ে। তিনি বলেন, “গত নির্বাচনে আমার আসনের জয়ী প্রার্থী ১২৬ কোটি টাকা খরচ করেছে, আর পরাজিত প্রার্থীও ৭০ কোটি টাকা ব্যয় করেছে। আমি তো ৭০ লাখ টাকাও খরচ করতে পারব না।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।