প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান। জানা গেছে, এই সফর আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে হতে পারে। সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করে সফর ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-দিল্লি সম্পর্ক নতুনভাবে জোরদার করতে নয়াদিল্লি এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সফরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও আমন্ত্রণ জানানো হতে পারে। ভারতের পক্ষ থেকে উচ্চমাত্রার রাষ্ট্রীয় আতিথেয়তারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মূলত, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তাও দেওয়া হবে। আলোচনায় প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং জ্বালানি সহযোগিতার বিষয় উঠে এসেছে। বিশেষ করে সেচের জন্য ডিজেল আমদানির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতিমধ্যেই ভারতের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, যা সফরের প্রস্তুতিকে আরও এগিয়ে দিয়েছে।
ভারতে সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে— এই সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে পারে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।