সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছেন, চার সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলে শাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকবে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নির্বাচন স্থগিত রাখার কথা থাকলেও শাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আইনসম্মত নয়।

রিটে আরও উল্লেখ করা হয়, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের আগে এ ধরনের নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রিটকারী পক্ষের আইনজীবীরা জানান, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলে শাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকবে না। তবে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা বাড়বে, যা জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে শাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশে সেই নির্বাচন আপাতত চার সপ্তাহের জন্য স্থগিত হলো।