আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২১ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর ও চলতি বছর সেই ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটেছে।

পরীক্ষার্থীদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে এবং উত্তরপত্রের ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া প্রতিটি পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক—এই তিন অংশে আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।