জানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ
নতুন বছর শুরু হতে এখনো তিন মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা।
তবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরু হতে পারে এক দিন পরে। ইসলামি ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সম্ভাব্য তারিখের সঙ্গে চূড়ান্ত তারিখে পার্থক্য হতে পারে।
ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ইসলামি বছর সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় প্রতি বছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে আসে। এভাবে প্রায় ৩৩ বছরের ব্যবধানে বছরের সব ঋতুতেই রমজান পালিত হয়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে মুসলমানরা উদযাপন করেন পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস এবং মুসলমানদের কাছে বছরের অন্যতম পবিত্র সময়। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।
রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।