প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে কোনো ইচ্ছা রাখেন না। পাশাপাশি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণের সম্ভাবনাও তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

মালয়েশিয়া সফরের সময় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি অনলাইনে প্রকাশিত হয় গত শুক্রবার (১৫ আগস্ট)।

ড. ইউনূস বলেন, "জনতার আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার এজেন্ডা বাস্তবায়ন।" তিনি আরও উল্লেখ করেন, "জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এখন সরকারের প্রধান মনোযোগ দেশের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের দিকে।"

সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলতি আগস্ট মাসের শেষের দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশিত হতে পারে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, "আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা মালয়েশিয়াকে পাশে চাই।"

উল্লেখ্য, ১১ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়ায় যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের সময় দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করা হয়।