
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে ব্যতিক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক ব্রিফিংয়ে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় দেখা যায়, শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি ভিন্নধর্মী প্রার্থী হিসেবেও জায়গা পেয়েছেন দুজন। এর মধ্যে খান জসিমকে আন্তর্জাতিক সম্পাদক পদে এবং বিজয় একাত্তর হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। জিএস পদে রয়েছেন বর্তমান সভাপতি এস এম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।
অন্য পদগুলোতে রয়েছেন— বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম-রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ।
সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরে। অন্যদিকে জিএস পদে মনোনীত ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও কবি জসিম উদ্দিন হলের আবাসিক। তিনি ২০২২-২৩ সেশনে জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এবং বর্তমানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম জমার শেষ দিনে সকাল থেকেই ঢাবি ক্যাম্পাস ছিল উৎসবমুখর। এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) প্যানেলও মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।