আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের কেউ ভবিষ্যতে আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই বুধবার রয়টার্সকে দেওয়া এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “এটা আমার বা আমার পরিবারের বিষয় নয়। বাংলাদেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ অর্জনের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।”

তবে তাঁর এই বক্তব্য ছেলে সজীব ওয়াজেদ জয়ের পূর্বের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাসরত জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন, যদি তাঁকে অনুরোধ করা হয়, তবে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।