
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তিনি উল্লেখ করেছেন, ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এই তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শফিকুর রহমান বলেন, অদম্য এই যুবশক্তিকে কাজে লাগিয়ে জামায়াত তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায়।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় দলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ ও সিলেট-৩ এর ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
জামায়াত আমির বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, দেশের তরুণ ও দেশপ্রেমিক নাগরিকদের সঙ্গে মিলিত হয়ে তারা দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ কারও কাছে ইজারা দেওয়া হয়নি এবং দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বহু মানুষ শহীদ হয়েছে। তিনি শহীদদের রক্তের মূল্য দেওয়া এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর জোর দেন।
জুলাই সনদকে আইনি ভিত্তি ছাড়া মূল্যহীন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই দেশের বিভিন্ন দল একসঙ্গে গণভোটের দাবি জানাচ্ছে এবং এ বিষয়টি অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দিতে হবে।
সম্মেলনের সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ এবং জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।