ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় দুই নেতাসহ সাত জনকে গ্রেপ্তার করেছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে তৎকালীন মিছিল আয়োজন, এতে অংশগ্রহণ এবং অর্থায়নে জড়িত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

  • স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২)
  • আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫)
  • সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭)
  • সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬)
  • ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২)
  • বাংলাদেশ আন্ত জেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০)
  • আওয়ামী লীগের সংগঠক এবং অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)