বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে রাজধানীর আইডিবি ভবনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘৫ম ডিপ্লোমা সামিট-২০১৫’।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সামিটে দেশব্যাপী বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন ও পরিচালনা করেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতির জন্য সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি করা অত্যন্ত জরুরি। ইসলামী ছাত্রশিবির এমন নেতৃত্ব গড়ে তুলতে চায়, যারা সমাজের আস্থা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি আরও জানান, ছাত্রশিবিরের প্রতি মানুষের প্রত্যাশা প্রতিষ্ঠার শুরু থেকেই ছিল, এবং সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে সেই প্রত্যাশা আরও বেড়েছে। এই প্রত্যাশা পূরণে ডিপ্লোমা শিক্ষার্থীদের সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

সামিটের মূল উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, এই আয়োজনের লক্ষ্য ডিপ্লোমা শিক্ষার্থীদের দক্ষ ও প্রস্তুত নেতৃত্বে রূপান্তরিত করা। শিক্ষার্থীরা ক্যারিয়ার সংক্রান্ত সঠিক দিকনির্দেশনা এবং অভিজ্ঞ একাডেমিশিয়ানদের পরামর্শ গ্রহণ করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। এছাড়া কেবল দক্ষতা নয়, নৈতিকতার ভিত্তিতেও নিজেদের গড়ে তোলা অত্যাবশ্যক। মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় না থাকলে সমাজ দুর্নীতি ও অনৈতিকতার কবলে পড়তে পারে। একটি নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সামিটে ‘আগামীর বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’, ‘আচরণ ও মনোভাব (Attitude and Manners)’, ‘জীবন ও সময় ব্যবস্থাপনার ভারসাম্য’, এবং ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ও কর্মসংস্থান’—বিষয়ক বিভিন্ন সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, পাশাপাশি বিভিন্ন প্রকৌশলী, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ও একাডেমিশিয়ানরা।