
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “বাংলাদেশের স্বার্থে আমাদের দল এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে। এছাড়া জোটে অংশগ্রহণ করলেও ভোট হবে এনসিপির নামে। আমরা আশা করি, শাপলা প্রতীকেই নির্বাচন করব।”
তিনি সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, “আইনগত কোনো বাধা নেই, তাই আশা করি স্বাধীন নির্বাচন কমিশন স্বচ্ছ ও প্রভাবমুক্তভাবে আমাদের শাপলা প্রতীক নিশ্চিত করবে।”
ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা নিয়ে সারজিস আলম বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হলে এবং গণ–অভ্যুত্থানের পর হত্যার বিচার দৃশ্যমান হলে আমাদের দলের কোনো আপত্তি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার আগামী ডিসেম্বরে কার্যকর হবে। এই আস্থা পেলে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন সম্ভব হবে।”
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বিষয়ে তিনি জানান, “এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে রয়েছে, কিন্তু নিম্নকক্ষে নয়। আমরা মনে করি, উচ্চকক্ষে পিআর সফল হলে জনগণ ভবিষ্যতে নিম্নকক্ষে সিদ্ধান্ত নেবে।”
সমন্বয় সভার সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান। এতে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।