জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির নেতা রুমিন ফারহানাকে কটাক্ষ করে বলেছেন, বিএনপির ভেতরেও যেন ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ আছেন, তাঁদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তাঁর দাবি, শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, “রুমিন ফারহানা একসময় শেখ হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। এখন আবার হাসিনার পতনে তিনি সবচেয়ে বেশি ব্যথিত। আওয়ামী লীগের থেকেও যাঁরা বেশি আওয়ামী লীগের মতো আচরণ করেন, রুমিন তাঁদের একজন।”

তিনি আরও বলেন, “রুমিন নিজেই দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। অবশ্যই ছিলেন, কারণ তিনি নানা ধরণের ‘আওয়ামী সুবিধা’ ভোগ করেছেন।”

এসময় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত বলেন, “ইসির ভূমিকা সবসময়ই প্রশ্নবিদ্ধ। আজকেও দেখলাম, পুলিশ বিএনপির নেতাকর্মীদের কমিশনে ঢুকতে সহায়তা করেছে, কিন্তু আমাদের বাধা দিয়েছে। নির্বাচন কমিশন এখন কিছু নির্দিষ্ট দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের মানুষ আর গুন্ডাতন্ত্র চায় না, তারা গণতান্ত্রিক উত্তরণ চায়। আমরা সবসময় বলেছি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ জন্য ইসিকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব দেখাতে হবে।”