সড়ক মন্ত্রীকে আগের সরকারের মতো বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি এমপির ক্ষোভ
কুমিল্লা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার জাতীয় সংসদে অভিযোগ করেছেন যে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আগের সরকারের আমলের মতো বক্তব্য দিয়েছেন।
৭১ বিধির জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশের জবাবে মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মনিরুল হক চৌধুরী বলেন, “যারা টাকা লুণ্ঠন করেছে, মন্ত্রী যা বলেছেন, সেটাই তারা দিয়েছেন। আমি এর প্রতিবাদ করছি।” তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী সংযোগ স্থলে অবৈধ ব্যারিকেড, টমছম ব্রিজসহ সাতটি স্থানে আন্ডারপাস ও সার্ভিসলেন নির্মাণ না হওয়ায় এর গুরুত্ব তুলে ধরেন।
জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বাজেট না বাড়িয়ে ভূমি অধিগ্রহণের কাজ বাদ দিয়ে পূর্তকাজ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে এবং পদুয়া বাজারের ইউলুপে আরও দুটি আন্ডারপাসসহ মোট পাঁচটি আন্ডারপাস নির্মাণ করা হবে।
এতে সরকার দলের এমপি মনিরুল হক চৌধুরী হতাশা প্রকাশ করে বলেন, “এ বক্তব্যে আমি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হতাশ হলাম। আন্ডারপাস কোথায় গেল? ওভারপাস কোথায় গেল? অনুমোদিত ওভারপাস কেন হলো না?” তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
মন্ত্রী জবাবে বলেন, প্রকল্প আগে থেকেই বাস্তবায়নাধীন রয়েছে। নকশা সম্প্রসারণ ও বাজেট সমন্বয় করে কাজ করা হচ্ছে। ১০ লেনের প্রকল্পে পদুয়া বাজারের দুর্ঘটনা ও যান চলাচল সমস্যার সমাধান পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের সরকারের প্রকল্প যতটা সম্ভব সংশোধন করা হয়েছে, এবং নতুন সরকার প্রকল্পের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে।
স্পিকার প্রশ্ন করেন, এই পদক্ষেপ সংসদ সদস্যের সমস্যার সমাধান করবে কি না। মন্ত্রী জানান, “আংশিকভাবে সমাধান হবে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।