
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের উদ্দেশ্যে একটি বিশেষ বাহিনী গঠন করেছে। তার দাবি, এই দলের কার্যক্রম মূলত জনগণের সঙ্গে প্রতারণা করার সামিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, “জামায়াত ডিজিটাল প্রযুক্তি দিয়ে মিথ্যা প্রচারের জন্য বাহিনী তৈরি করেছে। তারা কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা উচিত।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। “তারা পিআর, সংস্কার, গণভোট—এমন নানা বিতর্ক তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে,” বলেন রিজভী।
বিএনপির এই নেতা আরও বলেন, “জামায়াত সবসময় আওয়ামী লীগের ছায়ায় থাকতে চায়। এখনো সেই দলের ভোটের সুবিধা নেওয়ার জন্য কৌশল সাজাচ্ছে। ক্ষমতায় যাওয়ার লোভে তারা ইসলামের মৌলিক নীতিও বিসর্জন দিচ্ছে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।