বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে”—এমন প্রচারণা আসলে মানুষের সঙ্গে প্রতারণা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জামায়াত ইসলামী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার চালানোর জন্য বিশেষ বাহিনী গঠন করেছে। তিনি প্রশ্ন তোলেন, “জামায়াত কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে?”—এভাবে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে”—এমন প্রচারণা শুধু মিথ্যা নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। নিজেদের ব্যর্থতা ঢাকতে জামায়াত এখন পিআর, সংস্কার, গণভোটসহ নানা ইস্যু তুলে বিতর্ক সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে।

রিজভী বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের অন্য কোনো পরিকল্পনা রয়েছে। তারা বিভ্রান্তিকর শর্ত দিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জামায়াত বরাবরই আওয়ামী লীগের ছায়াতলে চলেছে, এখনো তাদের ভোট নেয়ার কৌশল তৈরি করছে। কেবল ক্ষমতা দখলের লোভেই তারা ইসলামের মৌলিক নীতির বাইরে বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।