জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গোয়েন্দা পুলিশ (ডিবি)কে নির্দেশ দিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদালত অভিযোগ বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে মুসলিম ধর্মে বিশ্বাসী জনগণ দেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ। ইসলাম ধর্মে রোজা পালন ও ধর্মীয় রীতিনীতি মুসলিমদের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কিন্তু আসামি শিশির মনির একটি ইউটিউব চ্যানেল (ডিএসএন)-এর মাধ্যমে ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ হিসেবে উল্লেখ করেন, যা মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

শিশির মনিরের এই উক্তি রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্য নিয়েই করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আদালত মামলার প্রাথমিক শুনানি শেষে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।