
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, তারা সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি চালাবেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি নিজে ভালোভাবে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। শিগগিরই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে একটি বই প্রকাশ করবেন এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেবেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে যুবদলের উপজেলা শাখার পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এই সময়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ত্যাগের কথাও উল্লেখ করেন। লুৎফুজ্জামান বাবর বলেন, “অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরও নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আমিও দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি ও নির্যাতনের শিকার হয়েছি, তবুও আল্লাহর সহায়তায় বেঁচে আছি।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন তালুকদার এবং পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান রনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।