পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একাত্তরের স্বপ্নের ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার মূল লক্ষ্য। দুর্নীতি ও বেকারত্বমুক্ত দেশ নির্মাণকে তিনি নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব বক্তব্য রাখেন।

আরও পড়ুন
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত আমীর

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত—সব ক্ষেত্রেই সব ধর্মের মানুষ ত্যাগ স্বীকার করেছে। তাই ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে কাউকে আলাদা করার কিছু নেই। তিনি আশ্বস্ত করে বলেন, মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ই নিরাপদ ও সবার জন্য উন্মুক্ত থাকবে। বক্তব্যে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎ দাসের কথাও স্মরণ করেন।

জামায়াতের কোনো সংসদ সদস্য বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, যারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে আসেন, তাদের লক্ষ্য থাকে জনগণকে সেবা নয়; বরং খরচ করা টাকার হিসাব উদ্ধার করা। ভোট কেনাবেচা এবং বিদেশে অর্থপাচারের জন্য তিনি সরকারকেও দায়ী করেন।

ভোটারদের উদ্দেশে শামীম সাঈদী বলেন, পরিবর্তন চাইলে ঘরে বসে থাকলে চলবে না; পরিবার-পরিজন ও পরিচিতদের ভোট দিতে উৎসাহিত করতে হবে।