ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং শহীদ ওসমান হাদির সহচর আবদুল্লাহ আল জাবের বলেছেন, “আমি যদি একদিন চলে যাইও, আপনারা অনুগ্রহ করে ইনসাফের এই লড়াই থামাবেন না। আশা করি, আমি না থাকলেও আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন।”

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চলমান আন্দোলনে তিনি এসব কথা বলেন।

জাবের বলেন, “এখানে অনেকেই আসবেন, অনেকেই কথা বলবেন বা বলতে চাইবেন। দয়া করে আমার বক্তব্য ছাড়া অন্য কারও বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে বিবেচনা করবেন না। আমার কথার বাইরে অন্যদের বক্তব্য ইনকিলাব মঞ্চের অফিসিয়াল অবস্থান নয়।”

তিনি আরও বলেন, “কারণ এখানে অনেকে নানা কথা বলবে, উসকানি দেওয়ার চেষ্টা করবে। তাই স্পষ্ট করে বলতে চাই, আমার বক্তব্য ছাড়া অন্য কারও কথা ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে গণ্য করবেন না।”

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে কয়জন উপদেষ্টার কী অবদান ছিল, তা আমরা জানি। দুই-তিনজন উপদেষ্টা ছাড়া আর কারও উল্লেখযোগ্য অবদান নেই। অথচ এখন সবাই সচিবালয়ে বসে চেয়ারে বসে সময় কাটাচ্ছে।”