
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা চালানো হলেও দলটি প্রতিবারই ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় ৬০ লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তবুও বিএনপি গণতন্ত্রের আন্দোলন থেকে সরে আসেনি।” তিনি আরও বলেন, গত ১৫ বছরে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং নির্বাসিত থেকেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন।
তিনি দাবি করেন, “জনগণের আন্দোলন ও ছাত্রসমাজের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”
সংস্কার কমিশনের প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং দেশের ভবিষ্যৎ পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও নৈতিক পরিবর্তন ঘটিয়ে দেশকে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান উল্লেখ করে তিনি বলেন, জিয়া গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন, যার মাধ্যমে অর্থনীতির ভিত্তি মজবুত হয়। তিনি পোশাক শিল্প গড়ে তুলে রপ্তানির দ্বার উন্মুক্ত করেছিলেন। পরবর্তীতে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে গণতন্ত্রের ভিত্তি আরও শক্ত করেছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।