ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করেছেন, দেশের ভেতর এবং বাইরে থেকে বড় কোনো শক্তি নির্বাচন ব্যাহত করতে পারে। তিনি বলেন, “ছোটখাটো নয়, বড় ধরনের আক্রমণ আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ই আসুক, আমাদের তা অতিক্রম করতেই হবে।”

বৈঠকটি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম তথ্যটি জানান।

প্রধান উপদেষ্টা আরও সতর্ক করেছেন যে, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপপ্রচার চালানো হতে পারে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হতে পারে। “অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা থামাতে হবে, যাতে ছড়াতে না পারে”—জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

তিনি জনগণকে ভোটকে উৎসবমুখর করতে আরও ব্যাপকভাবে তথ্য পৌঁছে দেওয়ার পরামর্শও দিয়েছেন। ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রের আচরণবিধি এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ড. ইউনূস নির্দেশনা দিয়েছেন, নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয় দ্রুত আরও টিভিসি, ডকুমেন্টারি এবং তথ্যবহুল ভিডিও তৈরি করে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে, যাতে জনগণ নিজ নিজভাবে প্রস্তুতি নিতে পারে।