
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে দলের ভেতরে ঐক্য সুদৃঢ় করা গেলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের মাইলস্টোন এলাকায় বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষক পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে সেখানে যান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
এ্যানি বলেন, দেশের গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, লক্ষ্য অর্জনের মূল শক্তি হবে দলের ঐক্য।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তদন্ত কমিটি গঠনের এক মাস পার হলেও এখনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সরকারের দায়িত্বশীলতার অভাব উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এমনভাবে সহায়তা দিতে হবে যাতে তাদের কারও কাছে হাত পাততে না হয়।
উত্তরায় জুলাই মাসে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের প্রশংসা করে এ্যানি আরও বলেন, সরকারের নির্দেশেই সে সময় উত্তরা মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল। বিএনপি কেবল মিটিং-মিছিলেই সীমাবদ্ধ নয়, দেশ গড়ার কাজেও অগ্রসর হচ্ছে। সামনে দেশের জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।