শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কাপ-পিরিচ, উটপাখি ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)— এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন বলেন, “নিবন্ধন সংক্রান্ত চিঠিতে ইসি আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো প্রতীক রেখেছে। এগুলো অত্যন্ত হাস্যকর। ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।”

তিনি আরও বলেন, “আমরা আগেই জানিয়েছি, এনসিপির শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবুও ইসি অযথা আপত্তি তুলছে। গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম, কিন্তু বর্তমান কমিশন একদলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করছে।”

নাসীরুদ্দীনের অভিযোগ, অন্যান্য রাজনৈতিক দল জাতীয় প্রতীক থেকে প্রতীক পাচ্ছে, অথচ এনসিপির ক্ষেত্রে অযৌক্তিক বাধা সৃষ্টি করা হচ্ছে। “প্রতীক না পেলেও আমরা জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাব,” বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম তিনি দেখেননি। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সব দলের নিবন্ধন বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।