বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ১৯৭২ সালের সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

শনিবার (২৫ অক্টোবর) পিআরসহ পাঁচ দফা দাবিতে সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে রাজধানীতে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুরে মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মামুনুল হক।

তিনি বলেন, “আমাদের দাবি আদায়ে যদি সোজা পথে বাধা দেওয়া হয়, তাহলে কর্মীরা জানেন কীভাবে তা আদায় করতে হয়।” তিনি আরও দাবি করেন, জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে তাদের সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে।