Nasiruddin Patwary loses to Mirza Abbas by small margin ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণাদি উল্লেখ করে এ আসনের শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী। প্রধান নির্বাচন কমিশনার বরাবর গতকাল শনিবার নাসিরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তাঁর পক্ষে আজ রোববার ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন। আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয় এবং এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করেন। উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।