জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এক সময় তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মনির খান মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে ছিলেন। জানা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ছিল না। সেই আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান।

দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন মনির খান। সোমবার তিনি নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

গত সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বিনোদন অঙ্গনের আরও কয়েকজন তারকাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রাথমিক বাছাইয়ে তাদের ভাগ্যে দলের টিকিট জোটেনি। এর আগে ২০১৮ সালে মনির খানও বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আশাবাদী ছিলেন, তবে সেবারও তাকে ধানের শীষের টিকিট দেওয়া হয়নি। তার আগে থেকেই তিনি প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।