
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উন্নতির পথকে সহজ করেছে।
সোমবার বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগ আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত করেছে।”
তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, যেকোনো সংকট, দুর্যোগ বা বৈশ্বিক শান্তি উদ্যোগে সশস্ত্র বাহিনীর অবদান দেশের গৌরব বৃদ্ধি করেছে।
তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রেখে দেশের উন্নয়ন ও সেবায় কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগ সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।