আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

দেলাওয়ার তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্টে উল্লেখ করেছেন, ‘বিএনপির মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন। ২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা তার পক্ষে কাজ করেছি এবং তিনি বিজয়ী হয়েছেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুই দল থেকে একই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।’

তিনি আরও লিখেছেন, ‘আমার লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং নির্বাচনী ময়দানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা করা এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করা। যদি জনগণ আমাকে বিজয়ী করে, আমি মির্জা ফখরুলকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে দেখব। আর জনগণ যদি তাকে বিজয়ী করে, আমি সার্বিক সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।’

দেলাওয়ার মির্জা ফখরুলকে স্থানীয় রাজনীতির ‘অভিভাবক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘জয়-পরাজয় নির্বিশেষে তিনি সর্বদা উন্নয়নের প্রশ্নে পাশে থাকবেন। জনগণ যদি তাকে বিজয়ী করে, আমি তাকে সবভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।’