বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, “আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের নীতিমালা এবং মূল্যবোধ স্পষ্ট করার জন্য আমি এটি শেয়ার করছি।”

জামায়াত আমির আরও জানিয়েছেন, দলটির ইশতেহার প্রকাশের প্রথম দিন থেকেই নারীদের ক্ষমতায়ন ও সুরক্ষার প্রতি স্পষ্ট অবস্থান রয়েছে। তিনি বলেন, “আমরা চাই নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা ও জনসেবায় সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক। মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির জন্য শূন্য সহনশীলতা, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক নীতি। এগুলো নতুন কোনো অবস্থান নয়। আমার ইশতেহার ও ‘পলিসি সামিটে’ প্রকাশিত নীতিগুলো এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, “আমার রেকর্ড, নীতি এবং ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীদের নিরাপদ শিক্ষা, সমান সুযোগ, স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং প্রকৃত নেতৃত্ব প্রদানের প্রতিশ্রুতি বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।”

তিনি শেষে বলেন, “নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, এবং সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।”