
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাউলি ইউনিয়নের আয়োজন ও দামুড়হুদা উপজেলা যুব বিভাগের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলবদল করেন। জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উত্তম ব্যবহারে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ প্রার্থী রুহুল আমিন। তিনি নবাগতদের উদ্দেশে বলেন, “আপনারা আজ যারা জামায়াতে যোগ দিয়েছেন, সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন, সৎ পথে চলবেন এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন বন্ধ করবেন।” তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি হাউলি ইউনিয়ন আমীর ওবায়দুল হকের সভাপতিত্বে এবং দামুড়হুদা যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান এবং উপজেলা আমীর নায়েব আলী প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন নেতা-কর্মী দলত্যাগ করে জামায়াতে যোগ দেন। তার আগে একযোগে চার শতাধিক বিএনপি নেতা-কর্মী জামায়াতে যোগদান করেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।