
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হলে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছিল, তারও বিচার হওয়া উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার হয়, তাহলে ’৭১ সালে জামায়াতের বিচার হবে না কেন? হওয়া উচিত।”
দলগত বিচার আগে না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল ব্যাখ্যা করে বলেন, “আগে দল হিসেবে কাউকে বিচারের আওতায় আনার কোনো আইন ছিল না। বর্তমান সরকার আইসিটি আইনে নতুনভাবে সেই সুযোগ যুক্ত করেছে। এখন মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল দলকেও বিচার করতে পারে।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, জামায়াতের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার থেকে কেউ বাদী হতে পারেন। তা না হলে সরকারেরই উচিত বিচার চেয়ে আবেদন করা।”
মাসুদ কামাল প্রশ্ন তোলেন, “আপনি যদি ২০২৪ সালের গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ১৯৭১ সালের গণহত্যার জন্য জামায়াতের বিচার কেন নয়? বিচার করুন। যদি তারা নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তারা মুক্তি পাবে — এতে কোনো সমস্যা নেই। আমি চাই বিচার হোক, সেটাই ন্যায়বিচারের দাবি।”
তিনি আরও বলেন, “শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করা উচিত।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটা ব্যক্তিগত বিষয় নয়, এটা আপনার দলের ব্যাপার। মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকা কী ছিল, সেটাই মূল প্রশ্ন। আপনার দলের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিল, যার বিচার হয়েছে এবং অনেকে কঠোর শাস্তি পেয়েছেন। সেই বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে, আমি নিজেও বলেছি, কিছু বিচার আন্তর্জাতিক মানে হয়নি এবং কারও প্রতি অবিচারও হতে পারে। তবে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে গেছে।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী কি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি? করেছে। তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনী কি এই দেশে গণহত্যা চালায়নি? চালিয়েছে। আর সেই গণহত্যায় জামায়াতের সহযোগিতা বা সমর্থন কি ছিল না? ছিল। পাকিস্তানি বাহিনী কি এ দেশের মা-বোনদের ওপর নির্যাতন চালায়নি? সেটাও করেছে। সেই কাজে জামায়াতেরও সহযোগিতার মানসিকতা ছিল।”
শেষে মাসুদ কামাল বলেন, “সুতরাং জামায়াতের ভূমিকাটা কী ছিল, তা স্পষ্টভাবে পর্যালোচনা করা উচিত। আপনি যদি সত্যিই দায় স্বীকার করতে চান, তাহলে বলতে হবে— ‘আমাদের দল সেই সময়ে যে ভূমিকা রেখেছিল, সেটি ছিল ভুল।’”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।